৬ বছর পর কি শেষের পথে জনপ্রিয় এই ধারাবাহিক!
জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে বড় পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ফের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২০ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি দীর্ঘ ছয় বছর ধরে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। শুরুতে বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’-র অনুপ্রেরণায় নির্মিত হলেও, পরবর্তীতে নিজস্ব গল্প ও চিত্রনাট্যের গুণে এটি স্বতন্ত্র পরিচিতি পেয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ধারাবাহিকের গল্পে নতুন মাত্রা যোগ করতে বড় ধরনের রদবদলের পরিকল্পনা করছেন নির্মাতারা। এই পরিবর্তনের অংশ হিসেবে অনেক পুরনো চরিত্রকে সরিয়ে নতুন চরিত্র যুক্ত করা হতে পারে। তবে কেন্দ্রীয় চরিত্র ‘অনুপমা’-র ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না; আগের মতোই এই চরিত্রে রূপালি গঙ্গোপাধ্যায় অভিনয় চালিয়ে যাবেন। শোনা যাচ্ছে, অনুপমার জীবনের নতুন একটি অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ধারাবাহিকটিতে এই প্রথমবার পরিবর্তন আসছে না। এর আগেও কয়েকবার গল্পের মোড় ঘোরানো হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ধারাবাহিকে পাঁচ বছরের লিপ নেওয়া হয়েছিল, যার মাধ্যমে অনুপমার আমেরিকা জীবনের সূচনা হয়। পরবর্তীতে ২০২৪ সালেও গল্পে ছয় মাসের বিরতি বা লিপ আনা হয়েছিল।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। নতুন এই পরিবর্তন কবে থেকে কার্যকর হবে, তা নিয়েও ধোঁয়াশা বজায় রয়েছে। তবে ধারাবাহিকের নিয়মিত দর্শকরা এখন বড় কোনো চমকের অপেক্ষায় রয়েছেন।