হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সুখবর, যাত্রীদের জন্য এল বিশেষ ট্রেন!
হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বিশেষ ট্রেন, উৎসবের মরসুমে বাড়তি পরিষেবা পূর্ব রেলের
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে দু’জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। একইসঙ্গে ছট পুজো উপলক্ষ্যে বিহারগামী যাত্রীদের সুবিধার জন্য আসানসোল-পাটনা সাহেব রুটেও বিশেষ ট্রেন চলবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গামী বিশেষ ট্রেনটি (০৩০২৭) আগামী ১৮ ও ২৫ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ফিরতি পথে ০৩০২৮ নম্বর ট্রেনটি ১৯ ও ২৬ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।
এই ট্রেনটি যাত্রা পথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বারসই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।
পাশাপাশি, ছট পুজো উপলক্ষে বিহারগামী যাত্রীদের ভিড় সামাল দিতে আসানসোল ও পাটনা সাহেবের মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, ০৩৫১৩ আসানসোল-পাটনা সাহেব অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১১ ও ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আসানসোল থেকে রওনা হবে এবং পরদিন রাত ১টা ৪৫ মিনিটে পাটনা সাহেব পৌঁছাবে। এছাড়া বেতিয়ার রুটেও একাধিক বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।