ভাইফোঁটায় চমক দিন, বাড়িতেই তৈরি করুন সুস্বাদু বাদামের পায়েস!

 

উৎসবের আমেজ বাড়াতে ঘরেই তৈরি করুন সুস্বাদু বাদামের পায়েস

নিজস্ব প্রতিবেদক: বাঙালি উৎসব ও পায়েস অবিচ্ছেদ্য। সাধারণত চাল বা সিমুইয়ের পায়েস আমরা বেশি খেয়ে থাকি, তবে স্বাদে ভিন্নতা আনতে বাড়িতেই তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু ‘বাদামের পায়েস’। নিচে এর সহজ রেসিপি দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:
বাদামের পায়েস তৈরির জন্য প্রয়োজন এক লিটার দুধ, আধ কাপ চাল, ১/৪ কাপ ভিজিয়ে রাখা বাদাম (বাটা), ১/৪ কাপ চিনি, ২-৩ চামচ কন্ডেন্সড মিল্ক, এক চামচ ঘি এবং স্বাদ বাড়াতে এলাচ গুঁড়ো, জাফরান, কাজু, পেস্তা ও কাঠবাদাম।

প্রস্তুত প্রণালী:
প্রথমে গরম জলে বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে মিহি করে পিষে নিতে হবে। এরপর চাল ধুয়ে আলাদা করে রাখুন। একটি বড় পাত্রে দুধ সামান্য জল মিশিয়ে উচ্চ তাপে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে তাতে চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়তে হবে যেন পাত্রের তলায় লেগে না যায়।

চাল সেদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে বেটে রাখা বাদাম মিশিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে এতে কন্ডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো যোগ করুন। এরপর আঁচ কমিয়ে চিনি ও জাফরান দিয়ে সামান্য নেড়ে নিন।

সবশেষে অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা কাজু, পেস্তা ও অন্যান্য বাদাম হালকা করে ভেজে নিন। এবার এই ভাজা বাদাম পায়েসের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাদামের পায়েস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *