নিম গাছের গায়ে বেনারসী! গভীর রাতে কাটোয়ায় কী হয় জানেন?

 

রহস্যে ঘেরা প্রাচীন নিমগাছেই দেবী কালীর আরাধনা, বস্ত্রদানের মানবিক উদ্যোগে অনন্য কাটোয়ার এই পুজো

কাটোয়া: লোককথা আর ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা কাটোয়ার এই প্রাচীন কালীপুজো আজও ঘিরে রয়েছে রহস্য। জনশ্রুতি রয়েছে, একসময়ের ঘন জঙ্গলে ঘেরা এই স্থানটি ছিল ডাকাতদের আস্তানা। আবার স্থানীয়দের অনেকের মতে, ব্রিটিশবিরোধী বিপ্লবীদের গোপন ডেরা হিসেবে ব্যবহৃত হতো এই জায়গা। সময়ের বিবর্তনে জঙ্গল সাফ হয়ে গেলেও, সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন নিমগাছ। আর এই গাছকেই দেবী কালীর রূপ হিসেবে কল্পনা করে বছরের পর বছর ধরে চলছে পুজো-অর্চনা।

কালীপুজোর দিন নিয়ম মেনে প্রাচীন নিমগাছটিকে নতুন বেনারসি শাড়িতে সাজিয়ে তোলা হয়। গভীর রাত পর্যন্ত চলে দেবীর আরাধনা। মূর্তিহীন এই পুজোর বিশেষত্ব দেখতে কাটোয়া তো বটেই, দূর-দূরান্ত থেকেও ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।

এই পুজোর ধর্মীয় আয়োজনের পাশাপাশি রয়েছে এক মানবিক দিক। ভক্তদের মানত করা নতুন বেনারসি শাড়িগুলো পুজোর পর সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই শাড়িগুলো দুঃস্থ পরিবারের বিবাহযোগ্য কন্যাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়। মূর্তির পরিবর্তে গাছকে দেবীজ্ঞানে আরাধনা এবং এই বস্ত্রদানের মানবিক দৃষ্টান্ত এই পুজোকে সাধারণের কাছে অনন্য করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *