বামেরা বাংলাদেশে চলে যাক! দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজনীতি
বামপন্থীদের তীব্র আক্রমণ দিলীপ ঘোষের, মন্তব্য নিয়ে বিতর্ক
মুর্শিদাবাদ: বামপন্থীদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বামেদের বুক স্টল ও আদর্শ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন।
বামেদের বুক স্টল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “বামেদের বুক স্টলে কে বই পড়ে? তারা নিজেরাও পড়ে না, সাধারণ মানুষও পড়ে না। ওগুলো মিউজিয়াম করে রেখে লাভ কী?” তার দাবি, অতীতে জাতীয়তাবাদী কোনো সংগঠনকে স্টল করতে বাধা দেওয়া হতো। তিনি বলেন, “আমি ৪০-৪৫ বছর রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদী বুক স্টল করতে গেলে তখন একটা বাঁশ পর্যন্ত পুঁততে দেওয়া হতো না।”
বামেদের অস্তিত্ব ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “সারা দুনিয়া থেকে বামপন্থীদের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে আমরা কেন তাদের মিউজিয়ামে রাখব?” যারা বর্তমানে বামেদের সমর্থন করছেন, তাদের ‘অতি প্রগতিশীল’ বলে কটাক্ষ করেন তিনি।
বক্তব্যের শেষে চরম বিতর্কিত মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, “ওদের প্রতি কোনো মায়া-মমতা নেই। যেখানে জায়গা আছে, সেখানে চলে যাক। বাংলাদেশে চলে যাক।” দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।