৬৪ কোটির মাদক উদ্ধার, ৩৭৮ জন গ্রেফতার! মাদকমুক্ত বাংলা গড়তে তোলপাড় অভিযান
মাদকমুক্ত বাংলা গড়তে রাজ্য সরকারের বড় অভিযান: ৮ দিনে ৬৪ কোটি টাকার মাদক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: ‘মাদকমুক্ত বাংলা’ গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে বড় ধরনের অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর—এই আট দিনে পুলিশের অভিযানে ৩৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২১২টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে প্রায় ৬৪ কোটি টাকা বাজারমূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি, সরকারি নিয়ম মেনে এর আগে বাজেয়াপ্ত করা প্রায় ১০১ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
শুধু মাদক উদ্ধার বা গ্রেফতার নয়, বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৩০০ বিঘা জমিতে হওয়া গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে, যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। একই সঙ্গে, অভিযুক্তদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা নগদ ও প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ আয়ের উৎস খতিয়ে দেখতে আরও ১১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
মাদকের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। গত আট দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ২১৫টি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। রাজ্যের এই পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাদকের অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সরকারিভাবে জানানো হয়েছে, এই অভিযান কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়, বরং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নেওয়া বৃহত্তর উদ্যোগের অংশ।