শুধু অধিকৃত কাশ্মীর কেন, সিলেট-চট্টগ্রাম নিয়েও বড় দাবি নিশিকান্ত দুবের!

 

চট্টগ্রাম বন্দর, নোয়াখালি ও সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

নিজস্ব প্রতিবেদন: দেশভাগের সময় নেওয়া জওহরলাল নেহরুর কিছু ‘ঐতিহাসিক ভুল’ সংশোধন করতে চট্টগ্রাম বন্দর, নোয়াখালি ও সিলেট অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করা উচিত বলে দাবি তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

সাংসদের অভিযোগ, দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আপত্তি উপেক্ষা করেই নেহরু জবরদস্তি এই অঞ্চলগুলো হস্তান্তর করেছিলেন। তিনি দাবি করেন, ওই অঞ্চলগুলো তৎকালীন ত্রিপুরার অংশ ছিল এবং মহারাজা এ বিষয়ে বারবার দর কষাকষি করলেও নেহরু তা কর্ণপাত করেননি।

নিশিকান্ত দুবে আরও অভিযোগ করেন, ১৯৪৬ সালের নোয়াখালি দাঙ্গার সময় প্রায় ১০ হাজার হিন্দু নিহত হওয়া সত্ত্বেও তৎকালীন নেহরু সরকার সেখানে যথাযথ ব্যবস্থা নেয়নি। নেহরু প্রধানমন্ত্রী হওয়ার জন্য ‘মরিয়া’ ছিলেন বলেও তিনি মন্তব্য করেন। সাংসদের দাবি, ১৫ আগস্ট ১৯৪৭-এর পরিবর্তে ২ সেপ্টেম্বর ১৯৪৬-এই নেহরু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে বিজেপি সাংসদ বলেন, দেশভাগের সময় ওই বন্দরটি হাতছাড়া হওয়ার ফলেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল আজ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তার কথায়, “বন্দর ব্যবহার করার সুযোগ না থাকায় উত্তর-পূর্ব ভারতের খনি, খনিজ ও প্রাকৃতিক গ্যাসের সম্পদ আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না।”

ঐতিহাসিক সেই ভুল সংশোধন করে চট্টগ্রাম বন্দর, নোয়াখালি ও সিলেট পুনর্দ্ধারের মাধ্যমে এই অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত করার পক্ষেই মত দিয়েছেন এই বিজেপি সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *