বাংলাদেশে ফেরা নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা, জানালেন নিজের অবস্থান
বাংলাদেশে ফেরা নিজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও পিছিয়ে আসতে রাজি নন শেখ হাসিনা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঢাকায় নামলে তাঁকে গ্রেফতার বা হত্যার আশঙ্কা থাকলেও তিনি সব কিছুর জন্য প্রস্তুত। ১৯৮১ সালে সেনা শাসনের সময় দেশে ফেরার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি অনেক আগেই চিন্তা করা ছেড়ে দিয়েছেন। ২০০৭ সালেও সেনার নিয়ন্ত্রণে থাকা সরকারের সময় জেল খাটা ও হত্যার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ভয় তাঁকে কখনওই দমিয়ে রাখতে পারেনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লিগ সভানেত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষ ও তাঁর দলের নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে দূরে থাকা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নিজের রাজনৈতিক জীবন বাংলাদেশের মানুষের সঙ্গেই কেটেছে। তাই যা-ই ঘটুক, তিনি দেশের মানুষের পাশে দাঁড়াতে চান এবং প্রয়োজনে নিজের দেশের মাটিতেই মরতে রাজি আছেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব ছিল মানুষের জীবন সুরক্ষিত করা এবং তিনি কখনও নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দেননি। তাঁর দাবি, ঘটনার সত্যতা জানতে তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।