সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগের পথে রাজ্য

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট মেটাতে বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যে সমস্ত হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে আপাতত চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগানো হবে। শুধু গ্রামীণ এলাকা নয়, কলকাতা মেডিক্যাল কলেজ, বিধাননগর মহকুমা হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল ও ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালের মতো প্রথম সারির সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেও এই ঘাটতি প্রকট হয়ে উঠেছে।

স্থায়ী নিয়োগের পরিবর্তে কেন চুক্তিভিত্তিক পথ বেছে নেওয়া হলো, তার ব্যাখ্যায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দেড় বছর সময় লেগে যেতে পারে। স্বাস্থ্য পরিষেবার স্বার্থে এত দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত। বর্তমানে রাজ্যে ২ হাজারেরও বেশি চিকিৎসক এবং ৮ থেকে ১০ হাজার নার্সিং স্টাফ নিয়োগের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে স্থায়ী নিয়োগ সম্পন্ন হলেও প্রয়োজনে চুক্তিভিত্তিক কর্মীদের পরিষেবা অব্যাহত রাখা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে চিকিৎসক মহলে শুরু হয়েছে বিতর্ক। বিরোধী চিকিৎসক সংগঠনগুলির দাবি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত নিয়োগ থমকে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও এর আগে হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৯,৪৫৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তবুও রাজ্যের বিপুল চাহিদার তুলনায় তা যথেষ্ট ছিল না। আপাতত চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চললেও, এর ফলে স্বাস্থ্য পরিষেবার মান কতটা বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *