দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বললেন ‘মরতে হলে নিজের মাটিতেই মরব’

বাংলাদেশে ফেরার বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশে ফেরা তাঁর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তিনি পিছিয়ে আসতে চান না। ঢাকায় নামলে তাঁকে গ্রেফতার বা হত্যার আশঙ্কা থাকলেও তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন। ১৯৮১ সালে সেনা শাসনের সময় এবং ২০০৭ সালে গ্রেফতার হওয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, ভয় তাঁকে কখনওই দমিয়ে রাখতে পারেনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, সাধারণ মানুষ ও আওয়ামী লিগের নেতা-কর্মীরা বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছেন। ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে বলে দাবি করে তিনি বলেন, দেশের এই ভয়ঙ্কর সময়ে তিনি দূরে থাকতে পারেন না। নিজের রাজনৈতিক জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে কেটেছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, যা-ই ঘটুক না কেন, তিনি দেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং মরতে হলে নিজের দেশের মাটিতেই মরবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানির ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন শেখ হাসিনা। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব ছিল মানুষের জীবন সুরক্ষিত করা এবং তিনি কখনও নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দেননি। তাঁর দাবি, ঘটনার সত্যতা জানতে তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *