মোদীর উপস্থিতিতে হিমন্তের শপথ আজ, নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন হেভিওয়েট ৫ মুখ!
অসমে ফের শুরু হচ্ছে ‘হিমন্ত-রাজ’। টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশের একাধিক শীর্ষ নেতা। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠন করতে চলেছে বিজেপি জোট। রাজ্যপাল লক্ষ্ণণ প্রসাদ আচার্য নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ নিচ্ছেন মন্ত্রিসভার ৫ সদস্য
মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজ আরও চারজন মন্ত্রী শপথ নেবেন বলে চূড়ান্ত হয়েছে। এই তালিকায় বিজেপির প্রভাবশালী নেতাদের পাশাপাশি শরিক দলগুলোর প্রতিনিধিদেরও রাখা হয়েছে। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, যিনি ডুলিয়াজান কেন্দ্র থেকে জয়ী হয়ে এবার রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও থাকছেন অসমের প্রথম মহিলা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ। গোলাঘাট কেন্দ্র থেকে টানা পাঁচবার জয়ী এই প্রবীণ নেত্রী ফের মন্ত্রিসভায় নিজের জায়গা পাকা করেছেন।
শরিক দল ও স্পিকার পদে রদবদল
জোটধর্ম মেনে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন অসম গণ পরিষদের (এজিপি) সভাপতি অতুল বরা এবং বড়ল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) বিধায়ক চরণ বোরো। অতুল বরা এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, অন্যদিকে মাজবাট কেন্দ্রের বিধায়ক চরণ বোরো বড়ল্যান্ড এলাকায় দলের অন্যতম স্তম্ভ। এছাড়া, বিধানসভার স্পিকার পদে অভিজ্ঞ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাসকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে অসমের এই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। বর্তমানে খানাপাড়া চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন।