জম্মু-কাশ্মীরে জোড়া নাশকতার তদন্তে এনআইএ, কুলগামে ব্যবহৃত স্টিল-কোর বুলেট নিয়ে উদ্বেগ
জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক জোড়া নাশকতার ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গত ১২ নভেম্বর কিশতোয়ার জেলার দাচ্ছান এলাকা থেকে দুই বিশেষ পুলিশ কর্মকর্তা ববি চাঁদ এবং রশপাল কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ১১ নভেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন। একই দিনে কুলগাম এলাকায় সিআরপিএফের ৪৬তম ব্যাটালিয়নের চেকপোস্টে অতর্কিত হামলা চালানো হয়। শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কের কাছে এই হামলায় তিন জওয়ান গুরুতর জখম হয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, কুলগামের হামলায় অত্যন্ত বিপজ্জনক স্টিল-কোর বুলেট ব্যবহার করা হয়েছে, যা উন্নত মানের বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করতে সক্ষম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হামলায় অন্তত তিনজন সশস্ত্র সন্ত্রাসী জড়িত ছিল, যাদের মধ্যে দুজন বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। সন্ত্রাসীরা জলাভূমি ও ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে এ কে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনার পর কিশতোয়ারের মারওয়া ও দাচ্ছান এলাকায় স্থানীয় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিরাপত্তা বাহিনী। কুলগাম ও সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের রুট ম্যাপ তৈরির কাজ চলছে। উপত্যকায় নতুন করে মাথাচাড়া দেওয়া এই জঙ্গি নেটওয়ার্কের মূলোৎপাটন এখন নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনআইএ-র বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে।