ভারতে জাহাজ তৈরির পরিকল্পনা স্যামসাংয়ের, বিনিয়োগের জন্য খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন রাজ্য
মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের পর এবার জাহাজ নির্মাণ শিল্পে ভারতের দিকে নজর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপ। সংস্থাটির অধীনে থাকা স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ (SHI) বর্তমানে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার চাপে রয়েছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থিত তাদের শিপইয়ার্ডগুলি আগামী তিন বছরের জন্য সম্পূর্ণ বুকড থাকায়, নতুন অর্ডারের চাপ সামলাতে ভারতকেই নতুন উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে তারা।
এই বিনিয়োগের লক্ষ্যে গুজরাট, ওড়িশা ও কেরালাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্যামসাং ইতিমধ্যেই গুজরাটের পিপাভাভে সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। এছাড়া ওড়িশার কেন্দ্রাপাড়ায় প্রস্তাবিত গ্রিনফিল্ড জাহাজ নির্মাণ ক্লাস্টার এবং কেরালার কোচিন শিপইয়ার্ডের সঙ্গে অংশীদারিত্বের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংস্থাটি ভারতে বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।
ভারতকে বিশ্বের অন্যতম প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে পাঁচটি গ্রিনফিল্ড ক্লাস্টার তৈরির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পগুলিতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। স্যামসাং এবং সোয়ান ডিফেন্স যৌথভাবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য আটটি গ্যাস কোরিয়ার এবং চারটি ট্যাঙ্কার নির্মাণের দরপত্রও জমা দিয়েছে, যা ভারতের জাহাজ নির্মাণ শিল্পে নতুন গতির সঞ্চার করতে পারে।