প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী মেঘনা
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় রয়েছেন তাঁর হবু স্ত্রী মেঘনা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠা নানা প্রশ্নের জবাব দিতে দীর্ঘ একটি পোস্ট করেছেন তিনি। মেঘনা জানিয়েছেন, বছরখানেক আগে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তিনি তাঁর প্রাক্তন সঙ্গীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই সেই অধ্যায় শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
দেবাংশুর সঙ্গে সম্পর্কের বিষয়ে মেঘনা জানান, দেবাংশু তাঁর বহু পুরনো বন্ধু এবং জীবনের কঠিন সময়ে তিনি পাশে ছিলেন। নির্বাচন পরবর্তী উত্তাল সময়েও দেবাংশুর হাত শক্ত করে ধরে রেখেছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল লক করে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেঘনা জানান, প্রত্যেকেরই অতীত থাকে এবং সেই অতীতের দায়ভার তিনি নিজেই বহন করেন। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি।
উত্তরপাড়ার বাসিন্দা মেঘনা পেশায় প্রাক্তন বিমান সেবিকা। বছর পাঁচেক আগে দেবাংশুর সঙ্গে তাঁর পরিচয় হয়। কাজের সূত্রে বেশ কয়েক বছর দুবাই থাকার পর বছর খানেক আগে তিনি কলকাতায় ফেরেন এবং এরপরই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার ঘরোয়া আয়োজনে তাঁদের আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে সামাজিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দেবাংশু ও মেঘনা।