প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, আজ মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারতে এসেছেন বলেন্দ্র শাহ। রবিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান। ৩৪ জনের একটি প্রতিনিধিদল নিয়ে দু'দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি।
সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী। এছাড়াও, তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলেন্দ্র শাহ। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে শক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলিও আলোচনার তালিকায় থাকতে পারে।
প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েই এই সফর করছেন বলেন্দ্র। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘ সীমান্ত থাকলেও কিছু এলাকা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। মোদী-বলেন্দ্র বৈঠকে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বলেন্দ্রের সম্মানে সোমবার মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী মোদী। নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এই সফরকে স্বাগত জানিয়ে জাতীয় স্বার্থরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।