ঘূর্ণিঝড় আকভানে ক্ষতিগ্রস্ত ৫.৭৩ লক্ষ কৃষকের জন্য ২১২ কোটি টাকার প্যাকেজ ঘোষণা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে ৫.৭৩ লক্ষেরও বেশি কৃষকের জন্য ২১২.৩ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া বৃষ্টিতে প্রায় ১.৬ লক্ষ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রাথমিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

এই ত্রাণ সহায়তার মধ্যে ২০৫ কোটি টাকা এসডিআরএফ (SDRF) তহবিল থেকে এবং বাকি অর্থ বীজ ও অন্যান্য খাতে বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির ধরন ও ফসলের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেচযুক্ত জমির জন্য প্রতি হেক্টরে ১৭,০০০ টাকা, বৃষ্টি-নির্ভর জমির জন্য ৮,৫০০ টাকা এবং বহুবর্ষজীবী ফসলের ক্ষেত্রে প্রতি হেক্টরে ২২,৫০০ টাকা হারে সহায়তা মিলবে।

হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর—এই আটটি জেলা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধান ছাড়াও সর্ষে, ডাল, শাকসবজি ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর ও হাওড়ার শ্যামপুর ও উদয়নারায়ণপুরের ৯,২৪০ জন পান চাষিকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

এছাড়া, গত ১১ নভেম্বর মালদার গাজোল, হবিবপুর ও বামনগোলা ব্লকে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৯ হাজার কৃষককে ৮.১২ কোটি টাকার আলাদা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *