সেমিকন ২.০-এর পথচলা শুরু, চিপ তৈরিতে এবার বিশ্বজয় করবে ভারত!

 

ইলেকট্রনিক্স উৎপাদনে বড় পদক্ষেপ: ১২টি নতুন প্রকল্পে ৭,৫০৩ কোটি টাকার বিনিয়োগের অনুমোদন

নিজস্ব প্রতিবেদন: ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যকে আরও গতিশীল করতে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS)-এর আওতায় আরও ১২টি সংস্থার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পগুলিতে মোট ৭,৫০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে, যা থেকে ৩৯,০৪৫ কোটি টাকার উৎপাদন এবং ৭,১২৭টি প্রত্যক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমানে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন কেবল যন্ত্রাংশ জোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যাটারি সেল, কপার ফয়েল, প্রিন্টেড সার্কিট বোর্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ উৎপাদনেও দেশীয় সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন অনুমোদিত প্রকল্পগুলি গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ জুড়ে বাস্তবায়িত হবে। এই কারখানাগুলিতে মাল্টি-লেয়ার পিসিবি, রিলে, হিট সিঙ্ক, বিশেষ সিরামিক ও ব্যাটারি উপকরণের মতো পণ্য তৈরি করা হবে।

একই সঙ্গে, ভারতকে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে সূচনা করা হয়েছে ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) পোর্টালের। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই নতুন পোর্টালের মাধ্যমে চিপ ডিজাইন, উন্নত যন্ত্রপাতি, কাঁচামাল, নতুন ফ্যাব ইউনিট এবং দক্ষ কর্মী তৈরির মতো প্রকল্পগুলিতে আবেদনের সুযোগ থাকছে।

উল্লেখ্য, সেমিকন ইন্ডিয়া প্রকল্পের প্রথম পর্যায়ে ছয়টি রাজ্যে ১২টি প্রকল্পে ১.৬৪ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ অনুমোদিত হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রকল্পে ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি, প্রায় ৭০ হাজার পড়ুয়াকে চিপ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ১০৫টি স্টার্টআপকে ইডিএ (EDA) টুলস ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ECMS-এর আওতায় এখন পর্যন্ত ১৬টি রাজ্যে ৩৪ ধরনের পণ্য উৎপাদনের জন্য ১১৮টি আবেদন অনুমোদন পেয়েছে। এতে ৭৭,০৫১ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি ৫,৭৩,১৪৬ কোটি টাকার উৎপাদন এবং ৮১,৭৫৫টি প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব উৎপাদন পরিকাঠামো গড়ে তোলাই কেন্দ্রের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *