৮ বছর পর বিস্ফোরক উসমান খোয়াজা, বল বিকৃতির বিষয়ে জানতাম সবাই!

 

বল বিকৃতির ঘটনা জানত পুরো দলই, বিস্ফোরক দাবি উসমান খোয়াজার

সিডনি: ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির (স্যান্ডপেপার গেট) বিতর্কিত ঘটনা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজা। ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বলের আকার পরিবর্তনের সেই পরিকল্পনার কথা দলের সব সদস্যই জানতেন। এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার এতদিনকার অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টে বল বিকৃতির দায়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। তৎকালীন অধিনায়ক স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। তবে পরবর্তীকালে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড এক যৌথ বিবৃতিতে দাবি করেছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো ধারণাই ছিল না।

নিজের প্রকাশিতব্য নতুন বইয়ে খোয়াজা লিখেছেন, ওই সিরিজের সময় স্যান্ডপেপার ব্যবহার করে বলের শাইন পরিবর্তনের বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা হয়েছিল। খোয়াজার কথায়, “এটা আমরা সবাই জানতাম। শুধু ব্যাটার বা বোলাররা নয়, দলের সকলেই জানতাম।”

পুরো বিষয়টি নিয়ে দীর্ঘদিনের রহস্যে হতাশা প্রকাশ করে খোয়াজা আরও বলেন, “আট বছরেও সত্য পুরোপুরি সামনে না আসায় আমি হতাশ। আমি ভেবেছিলাম, হয়তো ডেভিড ওয়ার্নার নিজে সবটা প্রকাশ করবে অথবা অন্য কেউ এ নিয়ে মুখ খুলবে। আমি নিজে এর দায়িত্ব নিতে চাইনি।”

স্মরণ করা যেতে পারে, সেই সময় অজি দলের কোচ ছিলেন ড্যারেন লেম্যান, যিনি কেপটাউন কাণ্ডের পর পদত্যাগ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হারের সেই ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে বড় কলঙ্ক হিসেবে বিবেচিত হয়। খোয়াজার এই নতুন দাবি আট বছর আগের সেই বিতর্ককে পুনরায় ক্রীড়ামহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *