সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব
আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই টি-২০ টুর্নামেন্টে মুম্বাই দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার সূর্যকুমার যাদবের কাঁধে। গত মরসুমে সব ফরম্যাটে শার্দূল ঠাকুরের নেতৃত্বে খেললেও, এবার অধিনায়কত্ব ভাগ করে নেওয়ার কৌশল নিয়েছে মুম্বাই। রঞ্জি ট্রফিতে সিদ্ধেশ লাডের নেতৃত্বে দল টানা চারটি জয় পাওয়ায় লাল বলের ফরম্যাটে তাঁর ওপরই আস্থা বজায় রাখা হয়েছে।
জাতীয় দলের টি-২০ ফরম্যাটে নিয়মিত সুযোগ পেলেও, টেস্ট দলে জায়গা করে নিতে মরিয়া সূর্যকুমার। গত আইপিএলে ১৩ ম্যাচে ২০.৭৬ গড়ে ২৭০ রান করেছিলেন তিনি। এছাড়া টি-২০ বিশ্বকাপে ৯ ম্যাচে ৩০.২৫ গড়ে ২৪২ রান সংগ্রহ করেন এই ব্যাটার, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর ৮৪ রানের ইনিংসটি ছিল উল্লেখযোগ্য। ঘরোয়া এই টুর্নামেন্ট সূর্যকুমারের কাছে ছন্দে ফেরার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বাইয়ের স্কোয়াডে সূর্যকুমার যাদব ছাড়াও রয়েছেন শার্দূল ঠাকুর, শিবম দুবে, সরফরাজ খান, মুশির খান এবং অঙ্গকৃষ রঘুবংশীর মতো ক্রিকেটাররা। দলে জায়গা পেয়েছেন অথর্ব আঙ্কোলেকার, শামস মুলানি, দিব্যাংশ সাক্সেনা, ম্যাক্সওয়েল স্বামীনাথন, সুভেদ পারকার, মোহিত অবস্থি, হার্দিক তামোর, সাইরাজ পাতিল ও সিলভেস্টার ডি’সুজা। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গড়া এই দল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।