কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে কর্মসংস্থান নিয়ে বিস্ফোরক দাবি তাও লিনের
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত অগ্রগতির ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রটি আমূল বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষক তাও লিন। আমেরিকার গবেষণা সংস্থা প্যালিসেড রিসার্চকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আগামী ১৫ মাসের মধ্যেই এআই অতি-মানবিক সক্ষমতা অর্জন করতে পারে। এর ফলে মানুষের কর্মক্ষমতা এবং বিশেষজ্ঞদের দক্ষতাকেও ছাপিয়ে যেতে পারে এই প্রযুক্তি। লিনের মতে, দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানুষকে টিকে থাকার জন্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভর করতে হতে পারে।
তবে লিন স্পষ্ট করেছেন যে, এটি তাঁর ব্যক্তিগত বিশ্লেষণ এবং এটি অ্যানথ্রপিক সংস্থার আনুষ্ঠানিক অবস্থান নয়। অতি-মানবিক এআই এলেও রাতারাতি সমস্ত চাকরি চলে যাবে না বলেই মনে করা হচ্ছে। প্রযুক্তির সক্ষমতা অর্জন এবং বাস্তবে কর্মক্ষেত্রে তার প্রয়োগের মধ্যে একটি সময়ের ব্যবধান থাকবে। এআই ধাপে ধাপে মানুষের সমান কাজ করার ক্ষমতা অর্জন করবে, যার ফলে কর্মসংস্থানের ওপর প্রভাব পড়বে ধীরে ধীরে।
অন্যদিকে, অ্যানথ্রপিক সংস্থার সাম্প্রতিক গবেষণাপত্রে কর্মসংস্থানের বিষয়ে কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। মার্চ মাসে প্রকাশিত ওই রিপোর্টে দেখা গেছে, যেসব ক্ষেত্রে এআই-এর ব্যবহার বেশি, সেখানে ২০২২ সালের তুলনায় বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি। যদিও তরুণ কর্মী নিয়োগের হার কিছুটা কমেছে। বর্তমানে কম্পিউটার ও গণিতনির্ভর কাজের ৯৪ শতাংশে এআই ব্যবহারের সম্ভাবনা থাকলেও বাস্তবে এর প্রয়োগ ৩৩ শতাংশ। তাই প্রযুক্তির দ্রুত বিস্তারকে যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।