অজান্তেই শরীরে বাসা বাঁধছে রোগ, জীবনযাত্রায় কোন বদল জরুরি?
আধুনিক জীবনযাত্রায় দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করার অভ্যাসকে বিশেষজ্ঞরা ‘নতুন ধূমপান’ হিসেবে চিহ্নিত করছেন। টানা বসে থাকার ফলে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এবং কোলন ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। শরীর সচল রাখার জন্য তৈরি, তাই প্রতি ৩০ থেকে ৪৫ মিনিট অন্তর চেয়ার থেকে উঠে হাঁটা বা হালকা স্ট্রেচিং করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া নিয়মিত ৬ ঘণ্টার কম ঘুম শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি করে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত ভাজাভুজি, প্রসেসড ফুড, চিপস ও সফট ড্রিংকসের নিয়মিত সেবন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাবারে থাকা ট্রান্স ফ্যাট, অতিরিক্ত চিনি ও নুন ধমনীতে ব্লকেজ এবং লিভারের সমস্যার কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রক্রিয়াজাত মাংস অতিরিক্ত খাওয়ার ফলে ক্যানসারের ঝুঁকিও থাকে। পাশাপাশি পর্যাপ্ত জল পান না করলে ডিহাইড্রেশনের কারণে কিডনি, ত্বক ও হজমতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। চিনিযুক্ত পানীয় নিয়মিত পানে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে।
মানসিক স্বাস্থ্যের ওপরও জীবনযাত্রার প্রভাব অপরিসীম। দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও একাকীত্ব হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়। উদ্বেগ বা ক্ষোভ দীর্ঘদিন চেপে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল ধূমপান বর্জনই যথেষ্ট নয়; সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে সক্রিয় থাকা, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল পান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। সঠিক জীবনশৈলী মেনে চললেই দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।