সোনায় চিনা ধাতুর ভেজাল, শুদ্ধতা পরীক্ষায় ধরা পড়ছে না জালিয়াতি
সোনায় ভেজাল মেশানোর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৪ ক্যারাটের সোনার সঙ্গে রিনিয়াম নামক এক বিশেষ ধাতু মিশিয়ে দেওয়া হচ্ছে। এই ধাতু মেশানোর ফলে সোনার ওজন বৃদ্ধি পেলেও শুদ্ধতা যাচাইকারী যন্ত্রে তা ধরা পড়ছে না। ফলে সাধারণ ক্রেতারা খাঁটি সোনা ভেবে ভেজাল সোনা কিনছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। চিনের শেনঝেনের এক এজেন্টের দাবি অনুযায়ী, নির্দিষ্ট মাত্রায় রিনিয়াম মেশালে তা সোনার শুদ্ধতা পরীক্ষায় কোনো প্রভাব ফেলে না।
তদন্তের স্বার্থে মুম্বইয়ের এক এজেন্টের কাছ থেকে রিনিয়াম সংগ্রহ করে যোধপুরে পরীক্ষা চালানো হয়। সেখানে ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনার সঙ্গে ১ গ্রাম রিনিয়াম মেশানোর পর মোট ওজন দাঁড়ায় ৮.৮৩০ গ্রাম। এরপর অত্যাধুনিক যন্ত্রে পরীক্ষা করা হলে সেটি খাঁটি সোনা হিসেবেই চিহ্নিত হয়। একইভাবে ২২ ক্যারাটের সোনাতেও অন্য ধাতুর গুঁড়ো মিশিয়ে পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই ভেজাল ধরা পড়েনি।
রিনিয়াম ছাড়াও সোনায় রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিয়ামের মতো ভারী ধাতু মেশানোর অভিযোগ উঠেছে। মূলত সোনার ওজন বাড়ানোর উদ্দেশ্যেই এই কারচুপি করা হচ্ছে। এই ধাতুগুলো সোনার তুলনায় ভারী হওয়ায় প্রচলিত পদ্ধতিতে ভেজাল শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাজারে গোল্ড পাওডার ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। সম্প্রতি সিএজি-র খসড়া রিপোর্টেও ভুয়ো হলমার্ক এবং বিআইএস-এর তদারকিতে খামতির কথা উল্লেখ করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।