মাছের জিভ দখল করে নেয় ‘জিহ্বাখেকো লাউস’, অবাক করা পরজীবীর জীবনচক্র
সমুদ্রের গভীরে বাস করা সাইমোথোয়া এক্সিগুয়া নামক এক অদ্ভুত পরজীবী প্রাণীর জীবনযাত্রা বিজ্ঞানীদের অবাক করেছে। সাধারণ মানুষের কাছে এটি ‘জিহ্বাখেকো লাউস’ নামে পরিচিত। মাত্র ০.৩ থেকে ১.১ ইঞ্চি দৈর্ঘ্যের এই প্রাণীটির শরীর শক্ত খোলসে ঢাকা এবং এর সাত জোড়া শক্তিশালী পা রয়েছে।
মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলভাগে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া থেকে ইকুয়েডর উপকূলবর্তী অঞ্চলে এদের দেখা মেলে। এই পরজীবী মাছের ফুলকা দিয়ে মুখের ভেতর প্রবেশ করে। এরপর নিজের সাত জোড়া পা দিয়ে মাছের জিভটিকে শক্ত করে চেপে ধরে রক্ত চলাচল বন্ধ করে দেয়। রক্ত সরবরাহ না পাওয়ায় মাছের আসল জিভটি শুকিয়ে খসে পড়ে। তখন এই পরজীবীটি নিজেই মাছের জিভের জায়গা দখল করে নেয় এবং মাছের শরীরের পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে।
আশ্চর্যজনকভাবে, বেশিরভাগ মাছ এই নতুন জিভের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বিজ্ঞানীদের মতে, সারা বিশ্বে এই পরজীবীর প্রায় ১০০টি প্রজাতি রয়েছে, যাদের আটটি বর্গে ভাগ করা হয়েছে। এর মধ্যে সাইমোথোয়া এবং সেরাটোথোয়া বর্গ দুটি সবচেয়ে পরিচিত। ২০১২ সালে লিনিয়ান সোসাইটির বায়োলজিক্যাল জার্নালে এদের জীবনচক্র নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। ২০০৫ সালে প্রথমবার যুক্তরাজ্যে এই পরজীবীর অস্তিত্ব শনাক্ত করা হয়েছিল। তবে সাধারণ মানুষের জন্য এই প্রাণীটি কোনো ভয়ের কারণ নয়, কারণ এরা কেবল মাছকেই নিশানা করে থাকে।