চেনা কাতলায় অচেনা স্বাদ, ভাইয়ের পাতে আজ এই রেসিপিটি থাক!

 

উৎসবের পাতে নতুনত্ব: চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু ‘লেবু পোস্ত কাতলা’

নিজস্ব প্রতিবেদন: বাঙালির ভোজনরসিকতার তালিকায় মাছের পদ সবসময়ই প্রথম সারিতে থাকে। আসন্ন উৎসবের মরশুমে ঘরোয়া আয়োজনে নতুনত্ব আনতে চাইলে আজই ট্রাই করতে পারেন ‘লেবু পোস্ত কাতলা’। সামান্য উপকরণ ও কম সময়ে কীভাবে তৈরি করবেন এই পদ, তার সহজ প্রণালী নিচে দেওয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ:
কাতলা মাছ (৪ টুকরো), পোস্ত বাটা (৩-৪ টেবিল চামচ), রসুন কুচি (১-২ চামচ), চেরা কাঁচা লঙ্কা (৪-৫টি), পেঁয়াজ কুচি (১টি বড়), গন্ধরাজ লেবুর রস (২ চামচ), লেবুর জেস্ট (গ্রেট করা), গন্ধরাজ লেবুর পাতা (২টি), কালো জিরে (আধ চা চামচ), হলুদ গুঁড়ো (আধ চা চামচ), নুন ও চিনি (স্বাদমতো) এবং সর্ষের তেল (পরিমাণমতো)।

প্রস্তুত প্রণালী:
প্রথমেই মাছগুলো ভালোভাবে ধুয়ে তাতে নুন, হলুদ ও সামান্য লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন।

ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালী হয়ে এলে তাতে রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিন। এরপর পোস্ত বাটা এবং পরিমাণমতো নুন-হলুদ ও চিনি দিয়ে মশলা ভালো করে কষিয়ে সামান্য জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। নামানোর আগে গন্ধরাজ লেবুর রস, জেস্ট ও লেবুর পাতা ছিঁড়ে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা সুস্বাদু ‘লেবু পোস্ত কাতলা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *