শিশু দিবসেই ইতিহাস গড়বেন বৈভব! বিশ্বরেকর্ডের অপেক্ষায় মজেছে গোটা বিশ্ব
বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পথে বৈভব সূর্যবংশী
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ নভেম্বর শিশু দিবসের দিনে ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়তে চলেছেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইন্দোরে আয়োজিত এই ম্যাচে বিহার দলের নেতৃত্ব দেবেন মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সী বৈভব।
এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে বৈভব সূর্যবংশী ক্রোয়েশিয়ার জ্যাক ভুকাসিচের বিশ্বরেকর্ড ভেঙে দেবেন। ভুকাসিচ ১৭ বছর ৩১১ দিন বয়সে টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন। বৈভবের এই অর্জনের অপেক্ষায় এখন প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।
ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রেক্ষাপটেও এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন ভারতের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার রেকর্ডটি ছিল মহিপাল লোমরোরের দখলে। ২০১৮ সালে ১৮ বছর ৬৭ দিন বয়সে তিনি রাজস্থান দলের নেতৃত্ব দিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশী এখন নতুন ইতিহাস রচনার অপেক্ষায়।
উল্লেখ্য, ১৪ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিহারের প্রতিপক্ষ সৌরাষ্ট্র। বৈভবের নেতৃত্বের অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্বের নজর ইন্দোরের মাঠের দিকে।