শিশু দিবসেই নতুন ইতিহাস! বিশ্বরেকর্ড গড়তে তৈরি বৈভব সূর্যবংশী
বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পথে বৈভব সূর্যবংশী
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ নভেম্বর শিশু দিবসের বিশেষ দিনে ক্রিকেট বিশ্বে এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। ওইদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দিতে নেমে বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নাম লেখাবেন বৈভব সূর্যবংশী।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বিহার। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সী বৈভবের। এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমেই তিনি গড়বেন বিশ্বরেকর্ড।
এখন পর্যন্ত বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়কের রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকাসিচের দখলে। গত বছর ১৭ বছর ৩১১ দিন বয়সে তিনি সাইপ্রাসের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় এই তরুণ তুর্কি।
পাশাপাশি, ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপটেও এটি একটি বড় রেকর্ড। এর আগে ২০১৮ সালে রাজস্থানের হয়ে মহিপাল লোমরোর ১৮ বছর ৬৭ দিন বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়ে দেশের কনিষ্ঠতম অধিনায়কের রেকর্ড গড়েছিলেন। বৈভব সেই রেকর্ডও অনায়াসেই ছাপিয়ে যাবেন।
তরুণ এই ক্রিকেটারের ঐতিহাসিক এই অধিনায়কত্বের সাক্ষী হতে মুখিয়ে আছেন ক্রিকেট অনুরাগীরা। ১৪ নভেম্বরের এই ম্যাচটি তাই এখন বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে।