অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য, হুমায়ুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূলে!
আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। তাঁর বিরুদ্ধে খুনের হুমকি, দেহ গুম এবং ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, এই ধরনের মন্তব্য ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করছে। এ বিষয়ে সিউড়ি থানায় পৃথক একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ আনা হয়েছে হুমায়ুন কবীরের বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন কবীর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতাদের নিয়ে ধারাবাহিকভাবে অপমানজনক মন্তব্য করছেন, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ভয়ের পরিবেশ তৈরি করছে। তৃণমূল তাদের দাবির সপক্ষে কিছু ভিডিও ক্লিপিংও নির্বাচন কমিশনে জমা দিয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবীর দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওগুলো এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি ‘ভুয়ো’ কনটেন্ট। তাঁর পাল্টা দাবি, রাজনৈতিকভাবে লড়াইয়ে ব্যর্থ হয়ে তৃণমূল এই ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। একইসঙ্গে, বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন এবং তা না পারলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা।