শান্তিপুরে বামাকালীর বিসর্জন নৃত্যে বিপত্তি, ভেঙে গেল ঐতিহ্যবাহী সাং
শান্তিপুরে বামাকালীর ঐতিহ্যবাহী বিসর্জন নৃত্য ঘিরে এবার তৈরি হলো বিপত্তি। প্রতি বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অন্ধকার করে পূর্বমুখী করে দেবীকে নাচানোর রীতি থাকলেও, এবার প্রশাসনের নির্দেশ ও নজরদারিতে আলো জ্বালিয়ে উল্টো দিকে মুখ করে নাচ শুরু করা হয়। এই রদবদলের ফলে নাচের শুরুতেই বাঁশের সাং ভেঙে মচকে যায়, যার ফলে দীর্ঘদিনের প্রথা ভেঙে মাত্র দেড়-দু মিনিটেই নাচ শেষ করে প্রতিমা বিসর্জনের পথে নিয়ে যেতে হয়।
পুজো কমিটির সভাপতি সুপেন্দ্র চৌধুরী ও সম্পাদক অনুপ সরকার জানিয়েছেন, প্রতি বছর এই বিশেষ নাচের জন্য প্রায় সাত-আট মিনিট সময় বরাদ্দ থাকে। তবে এবার পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুজো কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, রীতির পরিবর্তনই এই বিপত্তির মূল কারণ।
এদিন শান্তিপুরে বামাকালীর নাচ দেখার জন্য প্রায় এক লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাপিয়ে যায়। ভিড় সামলাতে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, চলতি বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামী বছর থেকে পুনরায় পুরনো রীতিনীতি মেনেই পুজো ও নাচের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন।