রেল পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে বিশেষ সহায়তা কেন্দ্র
পূর্ব রেলের উদ্যোগে পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে বিশেষ হেল্পলাইন সেন্টার খোলা হয়েছে। রেলের সদর দফতর ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশন এবং কাঁচরাপাড়া, জামালপুর ও লিলুয়া ওয়ার্কশপে এই কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কেন্দ্রগুলিতে রেলকর্মীরা উপস্থিত থেকে পেনশনভোগীদের প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশ প্রদান করছেন।
গত ১০ নভেম্বর এই কেন্দ্রগুলির মাধ্যমে মোট ৩২১ জন পেনশনভোগী সফলভাবে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। রেলের তথ্য অনুযায়ী, এই বিশেষ ক্যাম্পেইন চলাকালীন এখন পর্যন্ত মোট ২৮৯৭ জন পেনশনভোগী এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সার্টিফিকেট জমা দিতে সক্ষম হয়েছেন।
বিশেষভাবে ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগী, যারা সশরীরে এই কেন্দ্রগুলিতে আসতে অক্ষম, তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়িতে গিয়ে বা অন্য কোনো উপায়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে রেলের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।