পশ্চিম মেদিনীপুরে চা দোকানের জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার করকাই বাটিটাকিয়ে এলাকায় একটি চা দোকানের জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের সামনে রাখা এক হাজার লিটার ধারণক্ষমতার ওই ট্যাংক থেকে প্রতিদিন রান্নাবান্না ও ব্যবসার কাজের পাশাপাশি পথচলতি মানুষ এবং ক্রেতারা তৃষ্ণা মেটানোর জন্য জল পান করতেন। ভোরবেলা দোকান খোলার সময় এই ঘটনা প্রকাশ্যে আসায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দোকানের মালিক রঞ্জন কুমার ঘাঁটা জানিয়েছেন, প্রতিদিনের মতো ভোর পাঁচটা নাগাদ তাঁর মেয়ে দোকান খুলতে এসে দেখেন ট্যাংকের জলের রঙ সম্পূর্ণ বদলে সবুজ হয়ে গিয়েছে এবং প্রচুর ফেনা জমে রয়েছে। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি দ্রুত তাঁর বাবাকে খবর দেন। এরপর দোকানের মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পিংলা থানায় অভিযোগ জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলের নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাংকে ঠিক কী ধরনের ঘাসমারা ওষুধ বা বিষাক্ত রাসায়নিক মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খোঁজে তদন্ত চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *