নভেম্বর ও ডিসেম্বরের ৫ রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল, জেনে নিন বিস্তারিত
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী পাঁচ সপ্তাহ ছুটির দিনগুলিতে ব্লু লাইনের নির্দিষ্ট অংশে ট্রেন চলাচল ব্যাহত থাকবে। আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চারটি রবিবারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে এই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।
পরবর্তী রবিবার অর্থাৎ ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি রবিবারের ক্ষেত্রে সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের সম্পূর্ণ রুটে পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হবে। এছাড়া ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে রবিবারের নিয়মানুযায়ী কোনো মেট্রো চলাচল করবে না। যাত্রীদের যাতায়াতের আগে মেট্রোর এই পরিবর্তিত সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।