বিপাকে পবন খেরা! গ্রেফতারের পথে কংগ্রেস নেতা?
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলায় কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মহেশ্বরী ও বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চ জানিয়েছে, এই মামলায় আইনি স্বস্তি পেতে হলে খেরাকে অবিলম্বে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। আদালতের এই নির্দেশনার ফলে কংগ্রেসর এই বর্ষীয়ান নেতার গ্রেফতারি ঝুঁকি তৈরি হয়েছে।
শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল অভিযোগ করেন যে, তেলেঙ্গানা হাইকোর্টে জামিনের আবেদন করার সময় পবন খেরা ভুল নথিপত্র ব্যবহার করেছিলেন। খেরার কৌঁসুলি একে মানবিক ভুল হিসেবে উল্লেখ করলেও শীর্ষ আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। আদালত নির্দেশ দিয়েছে, গৌহাটি হাইকোর্ট যেন কোনো পূর্বনির্ধারিত ধারণা ছাড়াই স্বাধীনভাবে এই মামলার শুনানি সম্পন্ন করে। দীর্ঘদিন ধরে আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগ তুলে মানহানি মামলার মুখে পড়েছেন কংগ্রেস নেতা পবন খেরা।