সরকারি জমিতে তৈরি অবৈধ ইদগাহ ও ইমামবাড়া গুঁড়িয়ে দিল যোগীর বুলডোজার!

উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি জমি দখল করে গড়ে ওঠা একটি ইদগাহ ও ইমামবাড়া বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রায় ৭ বিঘা গোচারণভূমি দখলমুক্ত করতে ব্যবহৃত হয়েছে ৪টি বুলডোজার। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ৫টি থানার পুলিশ ও বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর আগে সরকারি জমি দখল করে এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল। গত ৩১ জানুয়ারি জমি সংক্রান্ত মামলার ভিত্তিতে আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ কোনো বৈধ কাগজপত্র দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতেই উচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন। জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া জমিটির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা এবং উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের সমস্ত খরচ অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে। সরকারি জমি দখলমুক্ত করার বিষয়ে প্রশাসন তাদের কঠোর অবস্থানে অনড় রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *