মালদহের সভায় গর্জে উঠলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচার চালাতে বৃহস্পতিবার জেলায় এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন দুপুর ৩টা নাগাদ সিঙাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালে হাজারও কর্মী-সমর্থক তাঁকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত শ্রীরামপুরের একটি জনসভায় অংশ নিয়ে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
জনসভায় ভাষণ দেওয়ার সময় মানিক সাহা রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ত্রিপুরায় বিজেপির উন্নয়ন মডেলের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকারি উদাসীনতার কারণে মালদা জেলা পিছিয়ে রয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রার্থনা করে তিনি দাবি করেন, মালদহের মানুষ এখন আর প্রতারিত হতে চান না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই জেলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই প্রচার বিজেপির একটি সুপরিকল্পিত নির্বাচনী কৌশল।