প্রথম প্রেমের অনুভূতি কেন এত স্পেশাল!
বিজ্ঞানীদের মতে, প্রথম প্রেমের সময় মানুষের মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন হরমোনের ব্যাপক নিঃসরণ ঘটে, যা অনেকটা নেশার মতো প্রভাব সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, প্রথম প্রেমের অভিজ্ঞতায় মস্তিষ্ক মাদকদ্রব্যের মতোই প্রতিক্রিয়া দেখায়, যার ফলে মানুষ এক ধরনের ঘোরের মধ্যে থাকে। অতীতের বিচ্ছেদের ভয় বা কোনো তিক্ত অভিজ্ঞতা না থাকায় এ সময় ব্যক্তি কোনো হিসেবনিকেশ ছাড়াই সম্পর্কে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে পারেন, যা প্রথম প্রেমকে অনন্য করে তোলে।
কিশোর বা যৌবনের শুরুতে আসা এই অভিজ্ঞতা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পর্কের মধ্য দিয়ে মানুষ নিজের ভালো লাগা, মন্দ লাগা ও চাওয়া-পাওয়া বিষয়ে সচেতন হয়ে ওঠে, যা তাকে নিজেকে চিনতে সাহায্য করে। প্রথম প্রেম অবচেতন মনে ভালোবাসার একটি মানদণ্ড তৈরি করে, যার মাধ্যমে পরবর্তীতে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মানুষ নিজের পছন্দ সম্পর্কে ধারণা পায়। সম্পর্কে টিকে থাকা বা না থাকার চেয়ে এই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা মানুষের মানসিক বিকাশে বিশেষ অবদান রাখে।