দ্বৈত নাগরিকত্ব মামলায় রাহুল গান্ধীর অস্বস্তি কি বাড়ছে!
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগরিকত্বের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশিরের করা একটি আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়। এর আগে লখনউয়ের একটি বিশেষ এমপি/এমএলএ আদালত বিষয়টি নিজেদের এখতিয়ারভুক্ত নয় জানিয়ে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানানো হলে আদালত বর্তমানে উত্তরপ্রদেশ সরকারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিল।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকার বিষয়টি নিজেরা তদন্ত করতে পারে অথবা প্রয়োজনে কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে আইনি প্রক্রিয়া হস্তান্তরের উদ্যোগ নিতে পারে। অভিযোগকারী রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়েরের দাবি জানিয়েছিলেন। আদালতের এই নির্দেশের পর তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।