বাজারের অস্থিরতায় স্বস্তি, আইপিও নিয়ে বড় সিদ্ধান্ত নিল সেবি!
আইপিও প্রক্রিয়ায় বড় ছাড় সেবির, ৫০ শতাংশ পর্যন্ত আকার কমানোর সুযোগ
ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ায় বড়সড় নমনীয়তা এনেছে। বাজারের বর্তমান অস্থিরতা ও বিনিয়োগকারীদের দুর্বল মনোভাবের কথা মাথায় রেখে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো সংস্থা চাইলে তাদের আইপিও-র আকার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে। আগের নিয়ম অনুযায়ী, আইপিও-র আকারে ২০ শতাংশের বেশি পরিবর্তন হলে পুনরায় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, আকার কমানোর ক্ষেত্রে সংস্থাগুলিকে আর নতুন করে অফার ডকুমেন্ট বা কাগজপত্র জমা দিতে হবে না, শুধুমাত্র সংশোধিত তথ্য জানালেই দ্রুত অনুমোদন পাওয়া যাবে।
সেবির এই বিশেষ ছাড়টি মূলত সেইসব সংস্থার জন্য প্রযোজ্য হবে, যারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে মূলধন সংগ্রহের প্রক্রিয়া শেষ করতে ইচ্ছুক। শর্ত অনুযায়ী, এই প্রক্রিয়ার মাধ্যমে আইপিও-র মূল কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। এছাড়া নির্দিষ্ট মেয়াদে ২৫ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডিংয়ের বাধ্যবাধকতা এবং আইপিও-র সময়সীমা সংক্রান্ত নিয়মেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা ও শেয়ার বাজারের প্রতিকূল পরিস্থিতিতে সংস্থাগুলিকে সহজ উপায়ে মূলধন সংগ্রহের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিনিয়োগকারীদের যেকোনো বিনিয়োগের আগে সংস্থার মূল ভিত্তি, সাবস্ক্রিপশন ট্রেন্ড ও মূল্যায়ন যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।