শুটিং আর পড়াশোনার লড়াইয়ে বাজিমাত, সিবিএসইতে তাক লাগানো সাফল্য তনিষ্কার!
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর নাম ভূমিকায় অভিনয় করা কিশোরী অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শুটিংয়ের ব্যস্ত শিডিউল এবং টানা ১৪ ঘণ্টা কাজের চাপের মধ্যেও পড়াশোনার ভারসাম্য বজায় রেখে এই সাফল্য অর্জন করেছেন তিনি। ইতিহাসের মতো কঠিন বিষয়েও লেটার মার্কস পেয়েছেন এই প্রতিভাবান অভিনেত্রী।
কোনো গৃহশিক্ষক ছাড়াই ইউটিউব ও নিজের প্রচেষ্টায় তনিষ্কা তাঁর পাঠ্যক্রম সম্পন্ন করেছেন। শুটিংয়ের ফাঁকে পাওয়া সামান্য সময়টুকু কাজে লাগিয়ে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন, কেবল গণিতের প্রস্তুতির জন্য মাসে একদিন শিক্ষকের সহায়তা নিয়েছিলেন তিনি। বর্তমানে তনিষ্কা হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ফিল্ম স্টাডিজে ক্যারিয়ার গড়তে আগ্রহী। একদিকে ধারাবাহিকের জনপ্রিয়তা এবং অন্যদিকে অভিনেত্রীর এমন কৃতিত্বে আনন্দিত ‘কুসুম’ টিম। উল্লেখ্য, চলতি টিআরপি তালিকায় ৪.৬ পয়েন্ট নিয়ে ধারাবাহিকটি ষষ্ঠ স্থানে রয়েছে।