পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা! ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্য কী?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একদল ব্যক্তিকে গাড়িতে আক্রমণাত্মক আচরণ করতে ও নিরাপত্তারক্ষীদের হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। পোস্টদাতারা দাবি করছেন যে, পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এই ভিডিওটি জনমনে গভীর উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করছে।
তবে সত্যতা যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোনো ঘটনার নয়। এটি প্রকৃতপক্ষে গত ১২ এপ্রিল ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের সময় রেকর্ড করা হয়েছিল। সেই দিন মান্দাই কেন্দ্রের বেলবাড়িতে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার গাড়ি ঘিরে তিপরা মথা পার্টির সমর্থকদের বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছিল। ত্রিপুরার স্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজের সঙ্গে বর্তমানের এই ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে, যা প্রমাণ করে যে নির্বাচনী ফায়দা লুটার উদ্দেশ্যে একটি পুরনো ও ভিন্ন রাজ্যের ঘটনাকে পশ্চিমবঙ্গের ঘটনা হিসেবে মিথ্যা প্রচার করা হচ্ছে।