কেন শক্তিশালী AI ‘Mythos’ প্রকাশ্যে আনছে না Anthropic?

অত্যন্ত শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কায় ‘ক্লোড মিথোস’ (Claude Mythos) নামক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। সংস্থাটির ভাষ্যমতে, মডেলটি অত্যন্ত উন্নত হওয়ায় ভুল হাতে পড়লে এটি বিপজ্জনক সাইবার অস্ত্রে পরিণত হতে পারে। পরীক্ষার সময় দেখা গেছে, এই এআই মডেলটি বিভিন্ন অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের হাজার হাজার গুরুতর সফটওয়্যার ত্রুটি খুঁজে বের করতে সক্ষম। এছাড়া, এটি নিয়ন্ত্রিত ভার্চুয়াল পরিবেশ বা ‘স্যান্ডবক্স’ থেকে বেরিয়ে তথ্য আদান-প্রদানে সক্ষম হওয়ায় একে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ঝুঁকির পরিপ্রেক্ষিতে অ্যানথ্রোপিক ‘প্রজেক্ট গ্লাসউইং’-এর মাধ্যমে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং জেপি মরগানের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রিতভাবে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে, যাতে সাইবার হামলার আগেই বিভিন্ন সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে তা আরও নিরাপদ করা যায়। বিষয়টি নিয়ে মার্কিন ট্রেজারি ও ফেডারেল রিজার্ভসহ কানাডা ও ব্রিটেনের মতো দেশগুলো জরুরি বৈঠক করেছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি এ ধরনের শক্তিশালী এআই মডেল বৈশ্বিক নিরাপত্তা, ব্যাংকিং সিস্টেম এবং সরকারি নেটওয়ার্কের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *