তল্লাশির পরেই দেবাশিস কুমারের হুঙ্কার, জয়ের অঙ্কে বড় বদল!
রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে টানা ১৫ ঘণ্টা ম্যারাথন তল্লাশি চালাল আয়কর দফতর। শুক্রবার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় রাত আটটা নাগাদ। ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতায় শহরজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির অভিযানের জেরে ওইদিন দেবাশিস কুমারের নির্ধারিত সমস্ত নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করতে হয়।
অভিযান শেষে দেবাশিস কুমার জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় আধিকারিকদের সব ধরনের সহযোগিতা করেছেন। এই ঘটনাকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করলেও, এর ফলে সাধারণ মানুষের সহানুভূতি ও জনমত তার পক্ষেই আরও জোরালো হবে বলে মনে করছেন তিনি। তৃণমূল প্রার্থীর দাবি, এই পরিস্থিতির জেরে আসন্ন নির্বাচনে তার জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পাবে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।