গুগল সার্চে মোদী-শাহকে পেছনে ফেলে শীর্ষে মমতা!
আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ডিজিটাল প্রচারণায় বড়সড় দাবির কথা জানাল তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গুগল ট্রেন্ডস’-এর সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ইন্টারনেটে সাধারণ মানুষের আগ্রহের শীর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি অনুযায়ী, রাজ্যের ভোটারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে আগ্রহ রয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেয়ে অনেক বেশি।
তৃণমূলের পেশ করা গত সপ্তাহের তথ্য অনুযায়ী, গুগল সার্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কোর ৩১, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কোর ১৭। একইসঙ্গে এই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্কোর ৭ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্কোর ৩। তৃণমূলের মতে, এই ডিজিটাল পরিসংখ্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা ও জনপ্রিয়তারই প্রতিফলন, যা ভোটের প্রচারে বাড়তি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই তথ্যের মাধ্যমে বিরোধী শিবিরের প্রচারের বিপরীতে তৃণমূল ডিজিটাল অঙ্গনে নিজেদের প্রভাব তুলে ধরার চেষ্টা করছে।