বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেকের, রাজ্যে উদ্ধার বিপুল নগদ ও মাদক!
পশ্চিম মেদিনীপুরের সবংয়ের জনসভা থেকে বিরোধী শিবিরের প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি রাজনৈতিকভাবে উদার হতে রাজি নন। অভিষেক ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে হুঁশিয়ারি দেন যে, বর্তমানে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের ওপর যে ‘অত্যাচার’ চালানো হচ্ছে, তার প্রতিটি পাই-পয়সার হিসাব নেওয়া হবে।
অন্যদিকে, রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে কড়াকড়ির মধ্যে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধারের তথ্য সামনে এসেছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি টাকা, বিপুল পরিমাণ মদ, মাদক এবং মূল্যবান অলঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া এই সামগ্রীর মোট আর্থিক মূল্য প্রায় ৪২৭ কোটি টাকা। নির্বাচনের প্রাক্কালে অর্থের বেআইনি লেনদেন রুখতে প্রশাসনের এই তৎপরতাকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।