পেট খোলা রেখেই উধাও চিকিৎসক! প্রসূতির যন্ত্রণায় শিউরে ওঠা ভিডিও ভাইরাল
উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় চিকিৎসায় চরম গাফিলতি ও অমানবিকতার ঘটনায় এক অন্তঃসত্ত্বা আশাকর্মীর মৃত্যু হয়েছে। প্রসব যন্ত্রণা নিয়ে ওই মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, অস্ত্রোপচারের সময় পেট খোলা অবস্থাতেই তাঁকে ফেলে রেখে চিকিৎসক ও কর্মীরা পালিয়ে যান। অপারেশন টেবিলেই ওই মহিলার মৃত্যু হলেও নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ উক্ত হাসপাতালের একজন নার্স ও এক কর্মীকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক নাসিম আহমেদ এখনও পলাতক।
তদন্তে জানা গেছে, প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর সরকারি হাসপাতালে রেফার করা হলেও দালাল চক্রের প্ররোচনায় ওই মহিলাকে একটি অবৈধ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর জানা যায়, লাইসেন্সহীন ওই হাসপাতালটি দীর্ঘ দিন ধরে সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। বর্তমানে জেলা প্রশাসনের নির্দেশে হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে। অবৈধ এই চিকিৎসা কেন্দ্রের কর্মকাণ্ড এবং চিকিৎসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর, পুলিশ ও স্বাস্থ্য দফতর ঘটনার সাথে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।