ষড়যন্ত্রের অভিযোগ, আদালতের পথে হুমায়ুন কবীর!
ভোটের মরশুমে তৃণমূল বিধায়ক তথা এজেউপি-র প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীরের একটি বিতর্কিত স্টিং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই এবং নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের দাবিতে হুমায়ুন কবীর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলাকারীর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁকে এবং তাঁর দলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। তাঁর দাবি, প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিমভাবে বা কাটছাঁট করে এই ফুটেজ তৈরি করা হতে পারে। আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২২ এপ্রিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।