সই জালিয়াতি মামলা: তৃণমূলের তিন বিধায়ককে বড় ধাক্কা দিল আদালত!
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে সই জালিয়াতির অভিযোগে রাজ্যের তিন শাসকদলীয় বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার আদালতের নির্দেশের পর তৃণমূল বিধায়ক অরূপ রায়, শুভাশিস দাস ও বাহারুল ইসলামকে ১৯ নম্বর কোর্টে তাঁদের সই ও হাতের লেখার নমুনা জমা দিতে হবে। বিধানসভায় জমা দেওয়া বিরোধী দলনেতার নাম সংক্রান্ত প্রস্তাবপত্রের সইয়ের সঙ্গে মূল খাতার সইয়ের গরমিল ধরা পড়ায় বিধানসভা সচিবের দায়ের করা এফআইআরের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করেছে।
ঘটনার সূত্রপাত গত মে মাসে বিরোধী দলনেতা নির্বাচনে সই সংগ্রহকে কেন্দ্র করে। বিধানসভা সচিবের সন্দেহ হয় যে, ১৯ মে কালীঘাটে বিধায়কদের বৈঠকে সংগৃহীত হাজিরা খাতার পাতা ছিঁড়ে তা রেজুলিউশন বা প্রস্তাবনার কাগজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রেক্ষিতে বাহারুল ইসলাম, অরূপ রায় এবং শুভাশিস দাস অভিযোগ করেন যে, বৈঠকে উপস্থিত না থাকা সত্ত্বেও তাঁদের সই জাল করা হয়েছে। আদালতের সাম্প্রতিক নির্দেশের পর সংগৃহীত নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যা এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় সিআইডি দলের একাধিক শীর্ষ নেতাকেও জিজ্ঞাসাবাদ করেছে।