কাঁটাতার পেরিয়ে সাড়ে ৩ বছর কুলতলিতে আস্তানা, অবশেষে ধরা পড়ল ১৮ বাংলাদেশি!
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কুলতলি থানার পুলিশ গোদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, প্রায় সাড়ে তিন বছর আগে দালালদের সহায়তায় কাঁটাতার পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল এবং কুলতলির বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল।
বর্তমানে ধৃতদের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র যাচাই করছে পুলিশ। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, যাচাই প্রক্রিয়া শেষে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে এবং পরবর্তীতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।