নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, নিষিদ্ধ হলো প্রচারণা!
বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। বুথের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া অন্য যেকোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি কঠোর ‘নিরাপত্তা বলয়’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভুয়া ভোটদান প্রতিরোধ এবং বুথ দখল রুখতেই কমিশন এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বুথের নির্ধারিত সীমানার বাইরে সাদা চকের গণ্ডি কেটে দেওয়া হবে, যার ভেতরে রাজনৈতিক দলের কর্মী বা বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। বুথ লেভেল অফিসাররা (বিএলও) এই গণ্ডির বাইরে থেকে ভোটারদের নথিপত্র যাচাই করবেন এবং সরাসরি ভোটদাতাদের হাতেই স্লিপ পৌঁছে দেবেন। এ ছাড়া জালিয়াতি ঠেকাতে গ্রাফিকাল ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করা হবে, যার মাধ্যমে বুথে প্রবেশের সময় সংরক্ষিত ছবির সাথে ভোটারের চেহারা মিলিয়ে দেখা হবে। এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়ার ফলে একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ বন্ধ হবে বলে জানিয়েছে কমিশন।