শিয়ালদা মেইন ও উত্তর শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা!
কাঁকুড়গাছির কাছে ৩ নম্বর রেল সেতুর গার্ডার পরিবর্তনের কাজের জন্য শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই দীর্ঘ সময় শিয়ালদহ মেন ও উত্তর শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য রেলের এই সিদ্ধান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলেও প্রভাব পড়বে এবং সব মিলিয়ে প্রায় শতাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
গার্ডার পরিবর্তনের এই কাজের জন্য শনিবার রাতে বাড়ি ফেরা এবং রবিবার সকালে কাজে বেরনো হাজার হাজার যাত্রী বড় ধরনের ভোগান্তির মুখে পড়বেন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরক্ষার খাতিরেই এই দীর্ঘ সময় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প পথ বেছে নিতে হবে।