টলি পাড়া ধ্বংসের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস!
তোলাবাজি, শ্লীলতাহানি এবং অস্ত্র আইনের মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানা। নিউ আলিপুর ও টালিগঞ্জ এলাকার নির্মাণ ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করার অভিযোগে তাকে গ্রেফতারের পর রাজ্য রাজনীতি এবং বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে টলিপাড়ার বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেতার গ্রেফতারির ঘটনা নিয়ে এখন সর্বত্র জোর বিতর্ক শুরু হয়েছে।
এই গ্রেফতারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। তার দাবি, বিগত বারো বছর ধরে প্রভাবশালীদের একাধিপত্য ও গোষ্ঠীতন্ত্রের কারণে বহু সাধারণ টেকনিশিয়ান ও শিল্পী তাদের রুজি-রুটি হারিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বরূপ বিশ্বাসের এই গ্রেফতারি টলিপাড়ার ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে এবং এর ফলে অতীতে প্রভাবশালীদের ছায়ায় ঢাকা থাকা অন্যান্য অভিযোগের তদন্ত প্রক্রিয়াও গতি পেতে পারে।